বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:৩৭ এএম

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেড় বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো গুরুত্ব সহকারে প্রচার করছে বাংলাদেশের ভোটের খবর।

বিবিসি ও আল জাজিরার ‘লাইভ’ কভারেজ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বাংলাদেশের নির্বাচন নিয়ে ‘লাইভ আপডেট’ প্রচার করছে। আল জাজিরা এই নির্বাচনকে ‘গণতন্ত্র প্রত্যাবর্তনের পরীক্ষা’ হিসেবে উল্লেখ করেছে। 

অন্যদিকে বিবিসি তাদের প্রতিবেদনে বলছে, কয়েক দশকের মধ্যে এই প্রথম বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও খালেদা জিয়া—দুই প্রধান ব্যক্তিত্বের কেউই মাঠে নেই। ভোটাররা এবার শুধু এমপি নির্বাচনই করছেন না, বরং ‘জুলাই সনদ’ বা রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটে অংশ নিচ্ছেন, যা ইতিহাসে বিরল।

রয়টার্স ও নিউইয়র্ক টাইমস: জেন-জি বিপ্লব ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের শিরোনামে লিখেছে, ‘জেন-জি বিপ্লবের পর বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে’। তারা উল্লেখ করেছে, তরুণ ভোটাররা দীর্ঘ লাইন ধরে ভোট দিচ্ছেন, যা গণতন্ত্রের প্রতি তাদের আস্থার প্রতীক। যুক্তরাষ্ট্রের দ্য নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে তরুণ ভোটারদের প্রত্যাশা ও নতুন দিকনির্দেশনার ওপর জোর দিয়েছে।

ডয়চে ভেলে ও টিআরটি: রাজনৈতিক সমীকরণ জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে লিখেছে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে ইসলামপন্থি দলগুলো এবং শিক্ষার্থীদের দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) শক্তিশালী অবস্থানে উঠে এসেছে। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, ১৫ বছরের হাসিনা শাসনের অবসানের পর এটিই প্রথম বড় নির্বাচন।

ভারতীয় ও পাকিস্তানি মিডিয়ার নজর ভারতের এনডিটিভি ও দ্য হিন্দু গুরুত্ব দিয়েছে নিরাপত্তা ব্যবস্থার ওপর। তারা উল্লেখ করেছে, অর্ধেকের বেশি কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ হলেও সিসিটিভি ও বডি ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি চলছে। এছাড়া তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরা এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়টিকেও তারা হাইলাইট করেছে। অন্যদিকে পাকিস্তানের দ্য ডন নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও গুজব ছড়ানোর বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।সার্বিকভাবে, আন্তর্জাতিক মহল এই নির্বাচনকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মোড় ঘোরানো এক সন্ধিক্ষণ হিসেবে দেখছে।