মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,

সরকারি কর্মকর্তাদের ৯টায় অফিসে প্রবেশের নির্দেশ

জাতীয় ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:২০ পিএম

সরকারি কর্মকর্তাদের ৯টায় অফিসে প্রবেশের নির্দেশ

৯টায় প্রবেশের নতুন নির্দেশ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তাদের সকল কর্মকর্তা ও কর্মচারীকে নির্ধারিত সময়ের মধ্যে অফিসে উপস্থিত থাকার কঠোর নির্দেশ দিয়েছে। সোমবার মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা প্রদান করা হয়। সিনিয়র সচিব কামরুল হাসান স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, এখন থেকে প্রতিটি কর্মদিবসে সকাল ৯টার মধ্যে কর্মকর্তাদের নিজ নিজ দপ্তরে উপস্থিতি নিশ্চিত করতে হবে। 

মূলত প্রশাসনের কাজে গতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অফিস আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত সকলের জন্য ‘নিয়মিত উপস্থিতি বিধিমালা, ২০১৯’-এর নিয়মগুলো কঠোরভাবে প্রতিপালন করা বাধ্যতামূলক। 

এই বিধিমালার আওতায় নির্ধারিত নিয়ম লঙ্ঘন করা, দেরিতে অফিসে আসা কিংবা উপস্থিতি সংক্রান্ত যেকোনো অনিয়মকে এখন থেকে অফিস শৃঙ্খলার পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। 

বিশেষ করে কোনো যৌক্তিক কারণ বা অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকাকে গুরুত্বের সাথে দেখছে মন্ত্রণালয়।নতুন এই নির্দেশনা অনুযায়ী, অফিস সময় শেষ হওয়ার আগে কেউ অনুমতি ছাড়া নিজ দপ্তর ত্যাগ করতে পারবেন না। আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে অফিস ত্যাগের সময় বিকেল সাড়ে ৩টা নির্ধারণ করা হয়েছে এবং রমজান পরবর্তী সময়ে এই সময়সীমা থাকবে বিকেল ৫টা পর্যন্ত। যদি কোনো কর্মকর্তা বা কর্মচারীকে দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস চলাকালীন বাইরে যেতে হয়, তবে তাকে অবশ্যই সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান বা যুগ্ম সচিবের অনুমতি গ্রহণ করতে হবে। এছাড়া ডিজিটাল হাজিরার পাশাপাশি দপ্তরে সংরক্ষিত রেজিস্টারে তথ্য অন্তর্ভুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন বা বিলম্বে অফিসে আসেন, তবে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ অনুযায়ী কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের স্বচ্ছতা এবং জবাদিহিতা নিশ্চিত করতে এই তদারকি নিয়মিত চলবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দাপ্তরিক কাজে শৃঙ্খলা যেমন ফিরবে, তেমনি সাধারণ মানুষও দ্রুত সেবা পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।