মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
পূজা মণ্ডপে অনুদান

চিরিরবন্দরের প্রতিটি পূজা মণ্ডপে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ঘোষণা হুইপের

এনামুল মবিন(সবুজ)

অক্টোবর ১৩, ২০২৬, ০৭:৫৫ পিএম

চিরিরবন্দরের প্রতিটি পূজা মণ্ডপে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ঘোষণা হুইপের

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে প্রতিটি দুর্গাপূজা মণ্ডপে সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারের সাধারণ ত্রাণ বা জিআর চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। তিনি জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, সারা দেশে সনাতন ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা-অর্চনা সম্পন্ন করতে পারেন, সেজন্য সরকার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে তিনি উল্লেখ করেন যে ধর্ম যার যার হলেও রাষ্ট্র সবার এবং প্রতিটি মানুষই এই দেশের সমঅধিকারপ্রাপ্ত নাগরিক। সবাইকে এই দেশকে ভালোবেসে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করার আহ্বান জানান তিনি।

সরকারি অনুদানের প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি মণ্ডপেই সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হচ্ছে। পরিমাণের দিক থেকে তা হয়তো পুরোপুরি পর্যাপ্ত নয়, তবে সরকার তার সীমিত রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে। তিনি স্পষ্ট করেন যে জনগণের সেবায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই এবং পর্যায়ক্রমে প্রতিটি মণ্ডপে এই সহায়তা পৌঁছে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলাম।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।