মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
চিকিৎসা সহায়তা

চিরিরবন্দরে জটিল রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন: হুইপ

এনামুল মবিন(সবুজ)

অক্টোবর ১৩, ২০২৬, ০৮:১৭ পিএম

চিরিরবন্দরে জটিল রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন: হুইপ

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসচ্ছল রোগীদের মাঝে সরকারের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এই চেক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার সাধ্যমতো সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে সমাজের অসচ্ছল রোগীদের নানাভাবে অনুদান দিয়ে পাশে দাঁড়াচ্ছে। বর্তমান বাস্তবতায় চিকিৎসা খরচের তুলনায় এই সহায়তা হয়তো সম্পূর্ণ পর্যাপ্ত নয়, তবুও সরকারের এই জনকল্যাণমূলক অনুদান কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। ভবিষ্যতে এই চিকিৎসা সহায়তার পরিমাণ যেন আরও বৃদ্ধি করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ জানানো হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষা অনুদান এবং অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝেও সহায়তার চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী।

এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা আদিবাসী বিষয়ক সম্পাদক নুর আলম সরকার দুলু এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।