রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঈদে সরকারি ছুটি কত দিন তা চূড়ান্ত হচ্ছে আজ

জাতীয় ডেস্ক

মার্চ ৫, ২০২৬, ০৯:৩৬ এএম

ঈদে সরকারি ছুটি কত দিন তা চূড়ান্ত হচ্ছে আজ

মন্ত্রিসভার বৈঠক

আসন্ন ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারি ছুটির মেয়াদ একদিন বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে যে আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণার একটি প্রস্তাব আজ বৈঠকে উপস্থাপন করা হবে। যদি এই প্রস্তাবটি অনুমোদন পায় তবে ১৬ মার্চ হবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ঈদের আগে শেষ কর্মদিবস।

ছুটির ক্যালেন্ডার ও বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে দেখা গেছে যে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের জন্য সাধারণ ছুটি বরাদ্দ আছে। মাঝখানে ১৮ মার্চ অফিস খোলা থাকায় যাতায়াতে বিড়ম্বনার আশঙ্কা করে জনপ্রশাসন মন্ত্রণালয় ওই দিনটি বিশেষ ছুটিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে। 

মন্ত্রিসভার এই অনুমোদন সাপেক্ষে সরকারি চাকরিজীবীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের একটি দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাবেন।দীর্ঘ এই ছুটির রেশ কাটতে না কাটতেই শুরু হবে স্বাধীনতা দিবসের আমেজ। সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি। এর পরপরই ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। 

ফলে মাঝখানের দুই দিন অর্থাৎ ২৪ ও ২৫ মার্চ যদি কেউ ব্যক্তিগতভাবে ছুটি নিতে পারেন অথবা সরকার সাধারণ ছুটি ঘোষণা করে তবে সব মিলিয়ে টানা ১২ দিনের বড় অবকাশের সুযোগ তৈরি হবে।সংশ্লিষ্টরা মনে করছেন ঘরমুখী মানুষের ব্যাপক চাপ সামাল দিতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ১৮ মার্চের ছুটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে রাজধানী ঢাকা থেকে যারা দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করবেন তারা কিছুটা আগেভাগেই যাত্রা শুরু করার সুযোগ পাবেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যবৃন্দ আজ এই বিষয়টির যৌক্তিকতা বিচার করে চূড়ান্ত ঘোষণা প্রদান করবেন। সাধারণ মানুষের প্রত্যাশা দীর্ঘ এই ছুটির ফলে প্রতিবছরের মতো যানজট ও ভোগান্তি অনেকাংশেই হ্রাস পাবে।