রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন হাদি হত্যার প্রধান আসামি

জাতীয় ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ০৮:৪৯ পিএম

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন হাদি হত্যার প্রধান আসামি

জিজ্ঞাসাবাদে দুই আসামি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার দায় স্বীকার করেছেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন। আজ রোববার ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন। এর আগে দেশটির উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় এসটিএফের একটি সংবাদ বিজ্ঞপ্তি উদ্ধৃত করে এই খবরটি নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল পটুয়াখালী জেলার বাসিন্দা এবং তার সহযোগী ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকা জেলায়। এসটিএফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, জিজ্ঞাসাবাদে তারা সরাসরি স্বীকার করেছেন যে বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করার পরপরই তারা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান। 

তারা প্রথমে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং গত কয়েক মাস ধরে দেশটির বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। সবশেষে তারা পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় এসে অবস্থান নেন এবং সুযোগ বুঝে পুনরায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিলেন।অভিযুক্তদের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। 

আজ রোববার তাদের স্থানীয় আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দারা জানিয়েছেন যে, আসামিদের আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা অন্যান্য পরিকল্পনাকারী বা নির্দেশদাতাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হবে। ওসমান হাদি হত্যার পর থেকে এই দুই আসামি দীর্ঘদিন পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছিল।