মার্চ ৯, ২০২৬, ১১:৪৪ এএম
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামিদের দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে। সোমবার বেলা ১১টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আইজিপি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে গ্রেপ্তার হওয়া প্রধান আসামি ফয়সালসহ দুই খুনিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি তদারকি করা হচ্ছে যাতে দ্রুত তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা যায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ বিষয়ে জানিয়েছে যে, হাদি হত্যার প্রধান দুই আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এই সফল অভিযানে বিশেষ ভূমিকা পালন করেছে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)। তাদের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের অবস্থান নিশ্চিত করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। বর্তমানে তাদের দেশে ফিরিয়ে আনার প্রশাসনিক ও কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।সংবাদ সম্মেলনে আইজিপি আরও উল্লেখ করেন যে, অপরাধী যেই হোক না কেন তাকে বিচারের মুখোমুখি হতে হবে।
বিদেশে পালিয়ে গিয়েও কেউ রেহাই পাবে না। হাদি হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয় ও পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি। ডিজিএফআই এবং পুলিশের মধ্যকার এই সমন্বিত প্রচেষ্টার ফলেই দেশের বাইরের পলাতক আসামিদের ধরা সম্ভব হয়েছে। খুব দ্রুতই আইনি আনুষ্ঠানিকতা শেষে আসামিদের বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন