মার্চ ১৬, ২০২৬, ১১:১৫ এএম
দেশব্যাপী কৃষি বিপ্লব ও সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে গৃহীত ‘খাল খনন কর্মসূচি ২০২৬’ উদ্বোধন করতে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (১৬ মার্চ) সকাল সোয়া ১০টায় তিনি আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়।
সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী একটি বিশেষ নিরাপত্তা বেষ্টিত বুলেটপ্রুফ বাসে করে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে তিনি ১২ কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক ‘সাহাপাড়া খাল’ পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে এই জাতীয় কর্মসূচির শুভ সূচনা করবেন।
বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একই স্থান থেকে ভার্চুয়ালি দেশের বাকি ৫৩টি জেলায় একযোগে এই খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন তিনি। সরকারের এই মেগা প্রকল্প দেশের প্রান্তিক কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের কিছু পারিবারিক ও আবেগঘন আনুষ্ঠানিকতাও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তাঁর নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের দুই জেলা নীলফামারী ও দিনাজপুরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকা কঠোর নজরদারিতে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের উন্নয়ন ও জাতীয় কৃষি কাঠামোতে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন