মার্চ ১৭, ২০২৬, ১২:০০ পিএম
তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার গঠনের প্রথম ২৮ দিনে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে ২৮টি সুনির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ শীর্ষক একটি বিস্তারিত প্রতিবেদনের মাধ্যমে এই কর্মসূচিগুলোর তথ্য জনসমক্ষে তুলে ধরেন।
সরকার গঠনের মাত্র চার সপ্তাহের মধ্যে গৃহীত এই উদ্যোগগুলো মূলত জনগণের কাছে দেওয়া নির্বাচনী অঙ্গীকার পূরণ এবং প্রশাসনিক সংস্কারের প্রতি প্রধানমন্ত্রীর গভীর দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এই পদক্ষেপগুলো সামাজিক সুরক্ষা, অর্থনীতি, সুশাসন, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার মতো মৌলিক খাতগুলোকে সরাসরি অন্তর্ভুক্ত করেছে।
সামাজিক সুরক্ষা ও মানবিক সহায়তার ক্ষেত্রে বর্তমান সরকার বিশেষ অগ্রাধিকার দিয়েছে। ইতোমধ্যে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে যার মাধ্যমে প্রতিটি পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।
পাশাপাশি ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং বিভিন্ন মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারের ধর্মীয় সেবকদের জন্য মাসিক সম্মানীর ব্যবস্থা করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশেষ ত্রাণ ও উপহার বরাদ্দের পাশাপাশি দেশে দারিদ্র্য বিমোচনে প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থা চালুর প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে সরকার। কৃষি খাতের উন্নয়নে প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে এবং প্রায় ২৭ হাজার কৃষককে নতুন কৃষক কার্ড প্রদানের কার্যক্রম শুরু হচ্ছে।
এছাড়া সেচ ব্যবস্থার উন্নয়ন ও নতুন কর্মসংস্থান বৃদ্ধিতে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন কর্মসূচি ইতোমধ্যে ৫৪টি জেলায় শুরু হয়েছে।প্রশাসনিক সংস্কার ও সুশাসনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নিজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি শনিবারেও নিয়মিত দাপ্তরিক কাজ পরিচালনা করছেন এবং সরকারি কর্মকর্তাদের জন্য সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রধানমন্ত্রীর ভিভিআইপি প্রটোকল উল্লেখযোগ্য হারে হ্রাস করা হয়েছে এবং বিমানবন্দরে প্রধানমন্ত্রীর যাতায়াতে আনুষ্ঠানিকতা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণের বিশেষ সুবিধা বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা রাষ্ট্রীয় ব্যয় হ্রাসে বড় ভূমিকা রাখবে। অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় রমজান ও ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে স্পট মার্কেট থেকে জরুরি এলএনজি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈদেশিক বিনিয়োগ সহজীকরণে ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে এবং পোশাক খাতের শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস নিশ্চিতে ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে প্রতি বছর পুনরায় ভর্তি ফি নেওয়া এবং লটারি প্রথা বাতিল করে আধুনিক ভর্তি পরীক্ষা বা সাক্ষাৎকারের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের পদ্ধতি চালুর সিদ্ধান্ত হয়েছে।
বিদেশে উচ্চশিক্ষার জন্য রাষ্ট্রীয়ভাবে ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি প্রদানের পাশাপাশি উপজেলা পর্যায়ে নতুন ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতে ১ লাখ নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে যার ৮০ শতাংশই হবেন নারী এবং প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড চালুর প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নারীদের যাতায়াতে বিশেষ পিংক বাস চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া গত ২৫ ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় অপচয় রোধে সরকারি অফিসে এসি ও ফ্যানের ব্যবহার সীমিত করা এবং দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে প্রশাসনিক কঠোরতার প্রমাণ দিয়েছে নতুন প্রশাসন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন