রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা কে এই মাসুদ?

জাতীয় ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ১০:১১ এএম

এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা কে এই মাসুদ?

গ্রেপ্তার মাসুদ চৌধুরী

সেনা সমর্থিত এক-এগারোর অন্যতম আলোচিত ও ক্ষমতাধর সমন্বয়ক হিসেবে পরিচিত সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে মাসুদ উদ্দিন চৌধুরী হত্যা মামলাসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। 

তার বিরুদ্ধে বর্তমানে অন্তত পাঁচটি সক্রিয় মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তারের পর প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় নিয়ে যাওয়া হয়েছে।

মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কেবল ফৌজদারি অপরাধই নয় বরং ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিশেষ করে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সংশ্লিষ্ট বিশাল সিন্ডিকেটে জড়িত থেকে কোটি কোটি টাকা আত্মসাতের বিষয়টি তদন্তাধীন রয়েছে। 

২০০৭ সালের ১১ জানুয়ারি রাজনৈতিক পটপরিবর্তনের সময় তিনি সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে কর্মরত ছিলেন। সেই সময়কার অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে তিনি পর্দার আড়ালের অন্যতম প্রধান কারিগর ও কুশীলব হিসেবে ভূমিকা পালন করেন। পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পর তাকে ‘গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’র সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। তার নেতৃত্বাধীন এই কমিটির মাধ্যমেই তৎকালীন সময়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালিত হয়েছিল।

২০০৮ সালের জুনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে কূটনৈতিক দায়িত্বে নিযুক্ত করে। ২০০৯ সালে রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকার ক্ষমতায় এলেও তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়নি। বরং দফায় দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয় এবং তিনি ২০১১ সালের জুন পর্যন্ত সেই গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলেন। সেনাবাহিনী থেকে পূর্ণ অবসরে যাওয়ার পর তিনি ঢাকায় বাণিজ্যিক রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন। 

তবে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে তার রাজনীতিতে নাটকীয় অভিষেক ঘটে যা দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।রাজনীতিতে প্রবেশের শুরুতে মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে পাঁচ দিনের ব্যবধানে তিনি অবস্থান পরিবর্তন করে জাতীয় পার্টিতে যোগ দেন এবং দ্রুততম সময়ের মধ্যে দলটির প্রেসিডিয়াম সদস্য পদ লাভ করেন। 

পরবর্তীতে মহাজোটের প্রার্থী হিসেবে ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে তিনি টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার দীর্ঘ সামরিক ও রাজনৈতিক ক্যারিয়ারে যেমন প্রভাব ও প্রতিপত্তি ছিল তেমনি অসংখ্য বিতর্কও তাকে তাড়া করে বেরিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে তার এই গ্রেপ্তারকে এক-এগারোর কুশীলবদের বিচার প্রক্রিয়ার একটি অংশ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক।