মার্চ ২৪, ২০২৬, ১২:০০ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। মঙ্গলবার সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসেই প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে উপস্থিত হয়ে এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন।
বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বৈশ্বিক প্রেক্ষাপট এবং উন্নয়ন সহযোগী হিসেবে আইএমএফের ভূমিকা নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে বলে জানা গেছে।
বৈঠক চলাকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন নীতি-নির্ধারক। এদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন যে, আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এই আলোচনায় দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ কথা হয়েছে। এটি প্রধানমন্ত্রীর ঈদের ছুটি পরবর্তী প্রথম দাপ্তরিক কর্মসূচিগুলোর অন্যতম।অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী সকাল ৯টায় সচিবালয়ে তার দপ্তরে পৌঁছান।
এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন। অফিসে এসেই প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এরপরই তিনি দাপ্তরিক কাজ শুরু করেন যার শুরুতেই আইএমএফ পরিচালকের সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এদিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করতে সচিবালয়ে উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রশাসনের প্রাণকেন্দ্রে প্রধানমন্ত্রীর এই সরব উপস্থিতি এবং আইএমএফের মতো গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে বৈঠক প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন