রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শুরু

জাতীয় ডেস্ক

মার্চ ২৬, ২০২৬, ১০:২৯ এএম

স্বাধীনতা দিবসের কুজকাওয়াজ শুরু

প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ

বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উপলক্ষে দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আয়োজিত হয়েছে সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। বৃহস্পতিবার সকালে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের সূচনা হয়। ২০০৮ সালের পর এই প্রথম ২৬ মার্চের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় কুচকাওয়াজ বা প্যারেড প্রদর্শনী যুক্ত হলো। 

বিগত বছরগুলোতে বিজয় দিবসে এই আয়োজন নিয়মিত থাকলেও স্বাধীনতা দিবসে তা দীর্ঘকাল ধরে বন্ধ ছিল। এমনকি ছাত্র-জনতার গণ-আন্দোলন পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়কালেও এই আয়োজন দেখা যায়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এবারের স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সশস্ত্র বাহিনীর সালাম গ্রহণ করেন। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই রাজকীয় কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমানবাহিনীর চৌকস সদস্যরা তাদের রণকৌশল এবং সুশৃঙ্খল মার্চ পাস্ট প্রদর্শন করেন।অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানগণ, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে।

 সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন। পবিত্র রমজান মাসের শুরু থেকেই প্যারেড স্কয়ারে এর ব্যাপক প্রস্তুতি ও মহড়া চলেছিল এবং গত মঙ্গলবার এর চূড়ান্ত মহড়া সম্পন্ন হয়।জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত এই কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট দেখতে ভোরের আলো ফোটার আগেই হাজারো দর্শনার্থী ভিড় জমান। 

বর্ণিল এই আয়োজন উপভোগ করতে আসা সাধারণ মানুষের হাতে ও মাথায় ছিল জাতীয় পতাকা। দীর্ঘ বিরতির পর স্বাধীনতা দিবসে এমন জমকালো আয়োজন দেখে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং আধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী আগত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠান চলাকালীন পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।