এপ্রিল ৩, ২০২৬, ০২:৪২ পিএম
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ১ মে মহান শ্রমিক দিবসে রাজধানী শাহবাগে বিশাল সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে এই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংগঠনটির মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ১১ বছর ধরে নতুন পে-স্কেল না হওয়ার ফলে কর্মচারীদের চরম আর্থিক সংকটের বিষয়টি বিশদভাবে আলোচিত হয়।
সভায় জানানো হয় যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ কর্মচারীরা এখন ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। অনেক কর্মচারী অভাবের তাড়নায় রাতের অন্ধকারে রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন যা অত্যন্ত অমর্যাদাকর বলে নেতারা উল্লেখ করেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তারা দ্রুত নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের বাকি বিভাগগুলোতে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। একই সময়ে যেসব সংসদ সদস্য ও মন্ত্রীদের মাধ্যমে এখনও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো সম্ভব হয়নি তাদের মাধ্যমে স্মারকলিপি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নেতৃবৃন্দ জানিয়েছেন তারা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে কর্মচারীদের প্রকৃত দুরাবস্থা তার সামনে তুলে ধরা যায়।
আগামী ১ মে জাতীয় শ্রমিক দিবসে জাতীয় প্রেসক্লাব থেকে একটি র্যালি বের করা হবে যা রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে। নেতারা হুঁশিয়ারি দিয়েছেন যে এই সময়ের মধ্যে যদি পে-স্কেলের গেজেট বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া না হয় তবে শাহবাগের সেই সমাবেশ থেকেই আরও কঠোর ও ধারাবাহিক বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সাধারণ কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের বঞ্চনা ও ক্ষোভ এখন রাজপথের আন্দোলনের দিকে মোড় নিচ্ছে বলে সভায় মনে করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন