শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

সংসদে আজ ২৪টিসহ চলতি অধিবেশনে মোট ৯১ বিল পাস

জাতীয় ডেস্ক

এপ্রিল ১০, ২০২৬, ১১:৪৭ পিএম

সংসদে আজ ২৪টিসহ চলতি অধিবেশনে মোট ৯১ বিল পাস

জাতীয় সংসদে আইন প্রণয়নের এক ব্যস্ততম দিন অতিবাহিত হলো। আজ শুক্রবার (১০ এপ্রিল) এক দিনেই ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল’ ও ‘সাইবার সুরক্ষা বিল’সহ মোট ২৪টি বিল পাস হয়েছে। আজকের এই ২৪টি বিলসহ চলতি অধিবেশনে এখন পর্যন্ত সর্বমোট ৯১টি বিল পাস হলো বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

মূলত অন্তর্বর্তীকালীন সরকারের জারিকৃত বিভিন্ন অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরের লক্ষ্যেই এই দ্রুততর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।সংসদের ১৩তম দিনের কার্যদিবসে সকালের অধিবেশনে কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় ১০টি বিল কোনো বিতর্ক ছাড়াই সর্বসম্মতিক্রমে পাস হয়। 

তবে বিকেলের অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সময় সংসদ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’ উত্থাপন করলে বিরোধী দল জামায়াতে ইসলামীর সদস্য সাইফুল ইসলাম মিলন বিলটির জনমত যাচাইয়ের প্রস্তাব করেন।

 তবে স্পিকারের সভাপতিত্বে হওয়া কণ্ঠভোটে সেই প্রস্তাব নাকচ হয়ে যায় এবং বিলটি পাস হয়।সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ উত্থাপন করলে এতে তিনটি সংশোধনী প্রস্তাব আনেন সরকারি দলের সদস্য আনিছুর রহমান। স্পিকার সেই সংশোধনীগুলো গ্রহণ করার পর বিলটি সংশোধিত আকারে পাস হয়। এছাড়া অর্থমন্ত্রী আমানত সুরক্ষা, এক্সাইজেস এন্ড সল্ট এবং গ্রামীণ ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত সংশোধনী বিলগুলোও পাস করিয়ে নেন। শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের উদ্যোগে পাস হয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল’।

উল্লেখ্য যে অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিত রাখা এবং ১৫টি সংশোধনের সুপারিশ করেছিল। পাস হওয়া ২৪টি বিলের তালিকায় আবাসন, বন্যপ্রাণী সংরক্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) এবং মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনও রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ পাসের প্রস্তাব করলে তাও কণ্ঠভোটে গৃহীত হয়। দিনের সর্বশেষ বিল হিসেবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিল’ পাসের মাধ্যমে অধিবেশনের বিল পাসের পর্ব শেষ হয়।