এপ্রিল ১২, ২০২৬, ০৭:০৮ পিএম
নিজের জীবনের মর্মান্তিক অভিজ্ঞতার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমি নিজে গুমের শিকার। তাই গুমের শিকার ব্যক্তিদের কষ্ট এবং ন্যায়বিচারের গুরুত্ব আমি সবচেয়ে ভালো বুঝি।’ রোববার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গুম কমিশন গঠন এবং সংশ্লিষ্ট আইনগুলোকে আরও শক্তিশালী ও নিখুঁত করার লক্ষ্যেই সরকার কাজ করছে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুম কমিশনকে এমনভাবে গঠন করতে চায় সরকার যাতে এর কার্যকারিতা অক্ষুণ্ণ থাকে এবং ভুক্তভোগীরা প্রকৃত অর্থেই ন্যায়বিচার পায়। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় করা অধ্যাদেশগুলো ‘যেমন আছে তেমন’ পাস করে দিলেই যে সেগুলো নিখুঁত আইন হবে, তা নয়।
বরং গুম কমিশনকে যে এখতিয়ার দেওয়া হচ্ছিল, তাতে ভুক্তভোগীরা অবিচারের শিকার হওয়ার আশঙ্কা ছিল। সে কারণেই জাতীয় মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশগুলো আরও যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে।সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংসদীয় রীতি অনুযায়ী তারা ওয়াকআউট করতেই পারেন, কিন্তু তারা যেসব ইস্যুতে এটি করেছেন তা সঠিক ছিল না। তারা সংসদের বাইরে গিয়ে ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি হুবহু আইনে রূপান্তর করা হয়েছে এবং ১৩টি সংশোধনের মাধ্যমে পাস হয়েছে। বাকি ১৬টি অধ্যাদেশ বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে আলোচনা করে আরও সমৃদ্ধ করা হবে।মন্ত্রী আরও জানান, সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বরং জবাবদিহিমূলক এবং যুগোপযোগী আইন প্রণয়ন করতে চায়।
জুলাই স্মৃতি জাদুঘরের কিউরেটর সংক্রান্ত আইনের ত্রুটি সংশোধন এবং গুম-মানবাধিকার নিয়ে তড়িঘড়ি না করে একটি গ্রহণযোগ্য আইনি কাঠামো তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। তার মতে, কিছু অধ্যাদেশে অস্পষ্টতা ছিল যা নিরসন করা জরুরি। গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘গুম নিয়ে এমন আইন হবে যা ভবিষ্যতে এ ধরণের অপরাধ রোধে মাইলফলক হয়ে থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন