এপ্রিল ২১, ২০২৬, ০৩:৫৩ পিএম
সৌদি আরবে অবস্থানরত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী জানান, প্রয়োজনীয় নথিপত্র এবং প্রমাণক যাচাই-বাছাই সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে।বৈঠককালে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ সৌদি আরবে বসবাসরত মোট ৬৯ হাজার রোহিঙ্গার জন্য বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর প্রসঙ্গটি পুনরায় উত্থাপন করেন।
তিনি এই বিশাল সংখ্যক মানুষের পাসপোর্ট প্রদানের প্রক্রিয়াকে আরও দ্রুততর করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ সরকার এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে কাজ করছে।
এবং ইতোমধ্যে বাংলাদেশ থেকে একটি বিশেষ টিম সৌদি আরবে পাঠানো হয়েছে। তবে পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হবে এবং কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।স্বরাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, যেসব মিয়ানমার নাগরিকের কাছে বাংলাদেশি নথিপত্র রয়েছে কিংবা যারা পাসপোর্ট পাওয়ার জন্য নির্ধারিত শর্তাবলি পূরণ করেছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পাসপোর্ট দেওয়া হবে। এক্ষেত্রে সৌদি আরবে অবস্থানরত অবশিষ্ট রোহিঙ্গাদের একটি পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এর মাধ্যমে প্রকৃত অধিকারীদের চিহ্নিত করে আইনি জটিলতা এড়ানো সম্ভব হবে বলে মনে করছে সরকার।
পাসপোর্ট ইস্যুর পাশাপাশি দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা জোরদার করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র। জনশক্তি রপ্তানি ছাড়াও বাংলাদেশের জ্বালানি ও ক্রমবর্ধমান পর্যটন খাতে সৌদি আরবের বড় ধরণের বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি এসব খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে সৌদি সরকারের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে দ্বিপাক্ষিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। আমন্ত্রণের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী জানান, আগামী জুলাই মাসের প্রথমার্ধে তিনি সৌদি আরব সফর করতে পারেন। উল্লেখ্য, এই বৈঠকের সমসাময়িক সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিন জেলার এসপিসহ ছয়জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলির পৃথক একটি আদেশও জারি করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন