এপ্রিল ২২, ২০২৬, ১২:০৫ এএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদান প্রক্রিয়া দুই মাস ধরে রহস্যজনকভাবে ঝুলে আছে। অন্তর্বর্তী সরকারের আমলে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলেও এখন পর্যন্ত নিয়োগপত্র না পাওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন কয়েক হাজার পরিবার।
এই অনিশ্চয়তা কাটাতে এবং দ্রুত যোগদানের তারিখ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী প্রার্থীরা।চলতি বছরের ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এক মাসের মাথায় ফলাফল প্রকাশ করা হয়।
এরপর ১ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা, ডোপ টেস্ট এবং সনদ যাচাইয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নিয়ম অনুযায়ী এরপরই পদায়ন ও যোগদান কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নীরব ভূমিকা পালন করছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়োগের সব প্রশাসনিক কাজ শেষ হয়ে থাকলেও মন্ত্রণালয়ের নির্দেশনার অভাবেই পুরো প্রক্রিয়াটি থমকে আছে।চাকরিপ্রার্থীরা অভিযোগ করেছেন, নিয়োগপত্র না পাওয়া এবং এরই মধ্যে ফলাফল ‘রিভিউ’ করার গুঞ্জন ছড়িয়ে পড়ায় তাঁরা চরম মানসিক উদ্বেগের মধ্যে রয়েছেন। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা দ্রুত নিয়োগ ও পদায়নের দাবি জানান।
প্রার্থীরা বলেন, ৬১টি জেলার হাজারো প্রার্থীর মেডিকেল ও ডোপ টেস্ট সম্পন্ন হওয়ার পরও কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসায় তাঁরা সামাজিকভাবেও হেয়প্রতিপন্ন হচ্ছেন। এর আগে তাঁরা দেশের ৬১টি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করেছেন।এদিকে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কিংবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সদুত্তর মেলেনি।
অধিদপ্তরের একটি সূত্র কেবল জানিয়েছে, তাঁরা মন্ত্রণালয়ের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ঝুলে থাকায় প্রায় ১৫ হাজার নির্বাচিত প্রার্থীর ভবিষ্যৎ এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রার্থীরা অনতিবিলম্বে যোগদানের তারিখ ঘোষণা করে সকল বিভ্রান্তি দূর করার আহ্বান জানিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন