এপ্রিল ২৭, ২০২৬, ১০:৪৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে আর পিছিয়ে রাখা যাবে না। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর জেলার ঈদগাহ প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।জনসভায় প্রধানমন্ত্রী বলেন, দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না।
১৭৩ দিন হরতাল পালন করে জনজীবন বিপর্যস্ত করার দিন শেষ হয়ে গেছে। তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা রাজনৈতিক স্বার্থে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে।
বিগত আন্দোলনের নেতা-কর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, বিএনপি শহীদ জিয়ার অসমাপ্ত কাজ এবং দেশনেত্রী খালেদা জিয়ার জনকল্যাণমুখী কর্মসূচিগুলো সম্পন্ন করতে চায়। তিনি উল্লেখ করেন, বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে দেশের জনগণ এবং তাদের ভাগ্য পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য।
উন্নয়ন কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রী এক নতুন ঘোষণা দেন। তিনি বলেন, পরিবারগুলোতে মা-বোনদের রান্নার কষ্ট দূর করতে সরকার এলপিজি কার্ডের ব্যবস্থা করবে। যাদের কাছে ফ্যামিলি কার্ড রয়েছে, পর্যায়ক্রমে তাদের এই এলপিজি কার্ড দেওয়া হবে যাতে জ্বালানি নিয়ে মায়েদের দুশ্চিন্তা করতে না হয়। এছাড়া মেয়েদের শিক্ষা ডিগ্রি পর্যন্ত ফ্রি করা এবং মেধা তালিকায় থাকা ছাত্রীদের উপবৃত্তি দেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী জানান, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকল রাজনৈতিক দল মিলে যে সনদ সই করেছে, তার প্রতিটি শর্ত বিএনপি সরকার সংসদে পাস করবে।
তিনি বলেন, ১২ জানুয়ারির নির্বাচনে দেশের মানুষ এই সনদ বাস্তবায়নের জন্যই বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে।সমাবেশে তিনি একটি বিশেষ মহলের সমালোচনা করে বলেন, যারা ১৯৭১, ২০০৯ বা ২০২৬ সালে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এই জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম, যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন