এপ্রিল ২৮, ২০২৬, ১০:২০ এএম
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৬ হাজার ৯৯৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৯২টি ফ্লাইটে তারা নিরাপদে সৌদিতে পৌঁছান। মঙ্গলবার (২৮ এপ্রিল) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ হজ অফিস সূত্রে হেল্প ডেস্ক জানিয়েছে, মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭১২ জন রয়েছেন। ৯২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪০টি, সৌদি এয়ারলাইন্স ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৮টি ফ্লাইট পরিচালনা করেছে।
তবে হজের এই পবিত্র সফরে এ পর্যন্ত ৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া ৬ জনই পুরুষ। সর্বশেষ গত ২৭ এপ্রিল আবদুল হাই নামের এক হজযাত্রী ইন্তেকাল করেন। ৬১ বছর বয়সী আবদুল হাইয়ের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানা এলাকায়।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রথম দিনে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইটটি সৌদির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। সূচি অনুযায়ী, আগামী ২১ মে পর্যন্ত হজযাত্রীদের এই ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এরপর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন