এপ্রিল ২৮, ২০২৬, ১২:০৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের জ্বালানি খাতের সহযোগিতা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠক শেষে জানা গেছে, রোসাটম মহাপরিচালক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন যাত্রায় রাশিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেন।বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্মীদের কারিগরি দক্ষতা উন্নয়নের বিষয়েও দুই পক্ষ আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা উপস্থিত ছিলেন। রাশিয়ার পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনসহ রোসাটমের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সাক্ষাৎ দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং একটি টেকসই জ্বালানি কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাশিয়ার পক্ষ থেকেও আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন