শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ গড়তে প্রধানমন্ত্রীর বড় পরিকল্পনা

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ১২:২০ পিএম

ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ গড়তে প্রধানমন্ত্রীর বড় পরিকল্পনা

রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী (ক্লিন এবং গ্রিন সিটি) হিসেবে গড়ে তুলতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব পরিকল্পনার কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) যৌথভাবে কাজ করছে। এর অংশ হিসেবে আধুনিক বাস সার্ভিস এবং ২৫০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 

বায়ুদূষণের উৎসগুলো চিহ্নিত করে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন ও অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যেই ঢাকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে সেখানে খোলা জায়গায় বর্জ্য পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

শহরকে সবুজে আবৃত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আগামী ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিশেষ করে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গায় নগর বনায়ন করা হবে। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইল ল্যান্ডফিলকে কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানের বিনিয়োগে জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা যায়।

নদী ও জলাশয় রক্ষায় প্রধানমন্ত্রী জানান, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যাসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণের উৎস চিহ্নিত করা হয়েছে। তরল বর্জ্য নির্গমনকারী ২৪৮টি প্রতিষ্ঠানে ইতিমধ্যে ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এগুলো পর্যবেক্ষণের জন্য আইপি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।

পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর অংশ হিসেবে ঢাকার খালি জায়গাগুলোতেও বনায়ন করা হবে। নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং মশক নিধন কার্যক্রম জোরদার করার পাশাপাশি এই সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকাকে একটি আদর্শ ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।