এপ্রিল ২৯, ২০২৬, ০২:৩৯ পিএম
জাতীয় সংসদের বর্তমান অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিরোধী দলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী সংসদ লবিতে গিয়ে তার শারীরিক অবস্থার বিষয়ে অবগত হন।
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে হাফেজ রবিউল বাশার অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি অনুধাবন করে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে দ্রুত অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
অধিবেশনের বিরতি চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি লবিতে উপস্থিত হন। তিনি অসুস্থ সংসদ সদস্যের সাথে কথা বলেন এবং তার চিকিৎসার বিষয়ে দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন।
এ সময় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর লবিতে যাওয়ার সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে অধিবেশন চলাকালে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলাকালে রবিউল বাশার অসুস্থবোধ করলে স্পিকারের নির্দেশে তাৎক্ষণিকভাবে চিকিৎসক দল তাকে সহায়তা করতে এগিয়ে আসেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন