এপ্রিল ৩০, ২০২৬, ০২:০৯ পিএম
পুলিশের ৫ জন অতিরিক্ত ডিআইজিসহ মোট ৮ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাতক্ষীরা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. মোকবুল হোসেনকে কুষ্টিয়া ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ৫ এপিবিএনের অধিনায়ক এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি এনামুল কবিরকে ১২ এপিবিএনের অধিনায়ক করা হয়েছে।
অন্যদিকে ১৩ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। র্যাবের দুই পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. খালিদুল হক হাওলাদার ও মোহাম্মদ কামরুজ্জামানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বদলি হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নুসরাত জাহান মুক্তাকে স্পেশাল ব্রাঞ্চের (এসবির) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঢাকায় পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, পদায়িত এই কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া দ্রুত শুরু হবে। নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে এই রদবদল করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন