সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৪:৪৭ পিএম
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। জনস্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রজ্ঞাপন জারি করেছে পুলিশ সদরদপ্তর। শনিবার জারি করা আদেশে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।
পার্সোনেল ম্যানেজমেন্ট এক শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তিন অতিরিক্ত পুলিশ সুপার ও দুই সহকারী পুলিশ সুপারের দায়িত্বে রদবদল আনা হয়। কুমিল্লায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক হাসান আমীনকে ঢাকার বিশেষ শাখায় পদায়ন করা হয়েছে। পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লাবীব আবদুল্লাহকে ট্যুরিস্ট পুলিশে পাঠানো হয়েছে। নবীনগর সার্কেল ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মনকে সহকারী পুলিশ সুপার হিসেবে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমানকে পাঠানো হয়েছে হবিগঞ্জের মাধবপুর সার্কেলে। বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান দায়িত্ব হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ না করলে ২৩ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্টরা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন