মে ৩, ২০২৬, ১০:৫২ এএম
বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন রোববার (৩ মে) শুরু হচ্ছে। চার দিনব্যাপী এই সম্মেলনে মাঠ পর্যায় থেকে আসা ৪৯৮টি প্রস্তাব আলোচনার জন্য চূড়ান্ত করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত এই সম্মেলনে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা ৩০টি অধিবেশনে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের মুখোমুখি হবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছে সরকার পরিচালনার দর্শন ও কর্মপরিকল্পনা তুলে ধরবেন। সম্মেলন চলাকালে ডিসিরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গেও পৃথক কার্য অধিবেশনে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, আজ রাত সাড়ে ৮টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা। আগামীকাল সোমবার জাতীয় সংসদ চত্বরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে এবং মঙ্গলবার সুপ্রিম কোর্ট ভবনে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করবেন তাঁরা।
ডিসি সম্মেলন উপলক্ষে শনিবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, দীর্ঘ স্বৈরাচারী শাসনের পর দেশে একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছে। এই সম্মেলনে মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের কাজের বোঝাপড়া বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এবার সম্মেলনের বাজেট গত বছরের তুলনায় কমিয়ে ৭১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
এবারের সম্মেলনে ডিসিদের দেওয়া মোট এক হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্য থেকে ৪৯৮টি প্রস্তাব আলোচনার জন্য কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৪টি প্রস্তাব এসেছে স্বাস্থ্যসেবা বিভাগ সংক্রান্ত। প্রস্তাবগুলোর মধ্যে জনসেবা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার উন্নয়ন, পর্যটনের বিকাশ এবং আইনশৃঙ্খলা রক্ষার বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে।
উল্লেখযোগ্য প্রস্তাবের মধ্যে রয়েছে গাজীপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করে শিল্পকারখানাগুলোকে একটি নির্দিষ্ট স্থানে স্থানান্তর, কওমি মাদ্রাসা স্থাপনের নীতিমালা প্রণয়ন, নোয়াখালীতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপন এবং হাওর অঞ্চলে স্থায়ী মৎস্য অভয়াশ্রম স্থাপন। এ ছাড়া কৃষিপ্রধান জেলাগুলোতে খামারিদের স্বল্প সুদে বড় ঋণ সুবিধা দেওয়ার প্রস্তাবও আলোচনায় স্থান পাবে।
বিগত বছরের ডিসি সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন প্রসঙ্গে জানানো হয়, গত বছর স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি মিলিয়ে মোট ৪০০টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যে স্বল্পমেয়াদি সিদ্ধান্তের ৬১ শতাংশ বাস্তবায়িত হয়েছে। এবারের সম্মেলনেও ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় সরকারের কার্যক্রম জোরদার এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির মতো জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিশেষ গুরুত্বের সাথে আলোচনা করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন