রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী’

জাতীয় ডেস্ক

মে ৫, ২০২৬, ১১:৪২ এএম

‘দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী’

সরকার সামরিক বাহিনীকে আরও জনমুখী করতে দায়বদ্ধ। দেশের স্বার্থে ভবিষ্যতে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে তারা। মঙ্গলবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম এ কথা জানান।

বিগত নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জেলা প্রশাসকরা সন্তোষ প্রকাশ করেছেন বলে ড. শামছুল ইসলাম জানান। তিনি উল্লেখ করেন, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। 

সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে এই সম্মেলনে।চার দিনব্যাপী এবারের ডিসি সম্মেলন শুরু হয় গত ৩ মে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করেন। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, আট বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক এতে অংশ নিচ্ছেন। ৬ মে সম্মেলনটি শেষ হবে।

ডিসিদের কাছ থেকে পাওয়া ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব এবারের সম্মেলনে উপস্থাপন করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, আইনশৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা ও ই-গভর্ন্যান্সের মতো বিষয়গুলো আলোচনার কেন্দ্রে রয়েছে। এ ছাড়া কার্য-অধিবেশন ও মতবিনিময় সভার অংশ হিসেবে রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ডিসিদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।