রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বগুড়ায় ফ্লাইং একাডেমি করার পরিকল্পনা রয়েছে: বিমানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ৪, ২০২৬, ১২:০৮ পিএম

বগুড়ায় ফ্লাইং একাডেমি করার পরিকল্পনা রয়েছে: বিমানমন্ত্রী

বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি

বগুড়ায় নতুন বিমানবন্দর ও ফ্লাইং একাডেমি নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের (ডিসি) সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে ডিসিদের সঙ্গে সেশন শেষে মন্ত্রী বলেন, দেশে অনেক নতুন পাইলটের প্রয়োজন। 

মূলত এই ফ্লাইং একাডেমি থেকে পাইলট তৈরি করা হবে। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাইলট হওয়ার ইচ্ছা থাকলে তারা সেখানে পড়াশোনা করার সুযোগ পাবেন।বেশ কিছু বিমানবন্দর চালুর উদ্যোগের বিষয়ে জানতে চাইলে আফরোজা খানম জানান, ঠাকুরগাঁও ও বগুড়ায় নতুন বিমানবন্দর করা হবে। তিনি আরও বলেন, চলতি মাসের ৭ তারিখে সম্ভাব্যতা দেখার জন্য তাঁরা বগুড়া পরিদর্শনে যাচ্ছেন।

সম্মেলনে বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা পর্যটন স্থানগুলোর সংস্কার এবং নতুন পর্যটক আকর্ষণে কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে ডিসিদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। 

বিশেষ করে মনপুরা ও নেত্রকোনার মতো জায়গাগুলোতে পর্যটন সুবিধা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মাঠ পর্যায় থেকে পর্যটন উন্নয়নের প্রস্তাব এলে মন্ত্রণালয় থেকে বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

পর্যটকদের নিরাপত্তার বিষয়েও ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। আগত দর্শনার্থীরা যেন কোনো নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছাড়া কক্সবাজার সমুদ্রসৈকতকে পর্যটকদের জন্য আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়েও সম্মেলনে নির্দেশনা দেওয়া হয়।