রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দুবাইয়ে পলাতক সেই রন হক শিকদারের মৃত্যুর খবর

জাতীয় ডেস্ক

মে ৪, ২০২৬, ০৮:০৫ পিএম

দুবাইয়ে পলাতক সেই রন হক শিকদারের মৃত্যুর খবর

অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বিতর্কিত ব্যবসায়ী রন হক শিকদার মারা গেছেন। সোমবার (৪ মে) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সোমবার সন্ধ্যায় তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রন হক শিকদার দুবাইয়ের মেডিক্লিনিক পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।পারিবারিক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওই পোস্টে জানানো হয়েছে, রন হক শিকদার লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। শারীরিক সমস্যার কারণে প্রায় এক সপ্তাহ আগে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক এই পরিচালক দীর্ঘদিন ধরে থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন। অর্থ পাচার ও দুর্নীতির মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি মূলত দেশের বাইরে পলাতক ছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য যে, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে ২০২৪ সালে রন হক শিকদার এবং তাঁর ভাই রিক হক শিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে দুটি মামলায় পৃথক চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ন্যাশনাল ব্যাংকের ঋণের অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে এই মামলাগুলো করা হয়েছিল।