মে ৪, ২০২৬, ১০:৩৫ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বেলা ১১টায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) সদরদফতরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সদরদফতরের উর্ধ্বতন কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) জেনারেল ম্যানেজাররা অংশ নেন।
বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় আনুপাতিক লোডশেডিং ব্যবস্থাপনা, সিস্টেম লস কমানো, বকেয়া আদায় এবং বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিদ্যুৎ বিভাগের একটি সফল প্রতিষ্ঠান। তিনি উল্লেখ করেন, আরইবি প্রতিষ্ঠা ছিল একটি যুগান্তকারী সিদ্ধান্ত যা গ্রামীণ অর্থনীতি ও কৃষি বিপ্লবের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত।
মন্ত্রী স্পষ্ট করেন যে, পল্লী বিদ্যুতায়নের বর্তমান মডেলটি একটি পরীক্ষিত মডেল এবং এর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি যেসব পবিস এখনও লোকসানে রয়েছে, সেগুলোকে লাভজনক করার নির্দেশ দেন তিনি।বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড সরকারের কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে, যা একটি অনন্য দৃষ্টান্ত। তিনি গ্রাহক সন্তুষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে মানুষের সন্তুষ্টিই প্রথম অগ্রাধিকার। লোডশেডিং বা অন্যান্য বৈদ্যুতিক সমস্যা দেখা দিলে এর প্রকৃত কারণ গ্রাহকদের জানানোর জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম বলেন, সরকারের প্রত্যাশা পূরণ এবং পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমকে সফল করতে আরইবি ও সকল সমিতির কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উল্লেখ্য যে, ১৯৭৭ সালে গ্রামীণ ও নগর অঞ্চলের বৈষম্য দূর করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরইবি গঠন করেছিলেন যা আজও গ্রামীণ উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন