রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর রায়

জাতীয় ডেস্ক

মে ৫, ২০২৬, ০২:৫৯ পিএম

ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর রায়

জিয়া উদ্যানে সাংবাদিকদের সাথে কথা বলছেন গয়েশ্বর রায়

ভারতে যে দলই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং তাদের জনগণ পছন্দের প্রার্থী নির্বাচন করেছেন।

মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে শপথ গ্রহণ উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে সমাধিতে শ্রদ্ধা জানাতে যান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করি। ভারতে কোন দল ক্ষমতায় আসলো তা আমাদের দেখার প্রধান বিষয় নয়। ভারতের জনগণ তাদের পছন্দের নেতা নির্বাচন করেছেন, নির্বাচিতদের আমি অভিনন্দন জানাই। সার্বভৌম দেশ হিসেবে আমাদের সম্পর্ক অটুট থাকবে।

কর্মসূচিতে উপস্থিত হয়ে এমপি হিসেবে সদ্য শপথ নেওয়া নিপুণ রায় চৌধুরী দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে আমাকে মূল্যায়ন করায় দলের নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ। আগামী দিনে আমার রাজনীতি হবে গণমানুষের কল্যাণ করা। দেশের মানুষের স্বার্থের বাইরে কোনো কাজ করা হবে না।

শ্রদ্ধা নিবেদনের সময় ঢাকা জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা খোরশেদ আলম, মোজাদ্দেদ আলী বাবু, আশিকুর রহমান স্বপন, স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান অভি এবং যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।