মে ৫, ২০২৬, ০৪:১১ পিএম
বিগত সরকারের মতো যথাযথ বিচার-বিশ্লেষণ ছাড়া বড় বড় মেগা প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করতে চায় না বর্তমান সরকার। মঙ্গলবার (৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
গতানুগতিক মেগা প্রকল্পের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, প্রকল্পের লাভ কেবল কাগজে-কলমে বা তাত্ত্বিকভাবে দেখালেই চলবে না। এর সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। যেকোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা এবং জনগণের ট্যাক্সের টাকার সঠিক ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা জন্মেছে যে বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি।
কাজের মাধ্যমে এই নেতিবাচক ধারণাটি পরিবর্তন করতে হবে। প্রতিটি কাজ যেন সততা ও জবাবদিহিতার উদাহরণ হয়ে থাকে, সংশ্লিষ্টদের সেই নির্দেশ দেন তিনি।প্রস্তাবিত ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে কর্মশালায় জানানো হয়, এই প্রকল্পটি সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এবং বন্দর উপজেলাকে সরাসরি সংযুক্ত করবে। এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৬ হাজার কোটি টাকা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার যানজট নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া উপশহরগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনে এটি বড় ধরনের পরিবর্তন আনবে বলে কর্মশালায় উল্লেখ করা হয়। বর্তমানে প্রকল্পটি প্রাথমিক বিচার-বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। সরকার চায় জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে প্রকল্পের কাজ সম্পন্ন করতে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন