মে ৫, ২০২৬, ১০:০২ পিএম
ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকার গণমাধ্যমের কণ্ঠ রোধ করে নিজেদের মতো একটি অনুগত গোষ্ঠী তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের কাচারি এলাকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, স্বৈরাচারীরা তাদের খুশিমতো দেশ শাসন, লুট, গুম ও খুন করতে চায়। আর এসব অপকর্মের পক্ষে জনমত গড়তে তারা গণমাধ্যমে নিজেদের একটি কমিউনিটি তৈরি করে। তাই অসৎ সাংবাদিকদের হাত থেকে সৎ সাংবাদিকদের রক্ষা করতে হবে।
তিনি বলেন, সরকার স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে কাজ করছে। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে সমাজ, রাষ্ট্র ও রাজনীতি লাগাতার জবাবদিহির মধ্যে থাকবে। আর এসব প্রতিষ্ঠান জবাবদিহির মধ্যে থাকলে রাষ্ট্রের উন্নয়ন হবে, শাসনকাজ স্বচ্ছ হবে।
স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা এবং অপ-সাংবাদিকতা রুখতে সরকার ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।ন্যায়ের কথা বলতে গিয়ে সাংবাদিকরা অনেক সময় নির্যাতিত হন উল্লেখ করে মন্ত্রী বলেন, গণমাধ্যমের কণ্ঠস্বর রোধ করে দেওয়া হচ্ছে। অপরদিকে নৈরাজ্যপূর্ণ সংবাদমাধ্যমের কারণে গণতন্ত্রও বাধাগ্রস্ত হচ্ছে। জনগণের অধিকার হলো সঠিক তথ্য পাওয়া। তাই সংবাদকর্মীদের সব সময় সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে।
তিনি আরও বলেন, আমরা স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে সংবাদপত্রের সাথে জড়িত সব সংগঠনের সাথে কথা বলছি। সংবাদমাধ্যমের সঠিক নীতিমালা তৈরি করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। টিআরপির নামে কোনো সংবাদমাধ্যমকে সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে না।
মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুব, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম।অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের সাথে সময় কাটান এবং গণমাধ্যমের বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলাপ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন