বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ১০, ২০২৬, ০৩:৫৯ পিএম

পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সঙ্গতি ও সক্ষমতা বিবেচনায় যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে। রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‍‍`পুলিশ সপ্তাহ-২০২৬‍‍` উদ্‌যাপন উপলক্ষ্যে ‍‍`প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায়‍‍` বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত আইজিপি (ক্রাইম এণ্ড অপারেশনস্) খন্দকার রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে পুলিশ সদস্যদের দীর্ঘদিনের পদোন্নতি সমস্যার সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, বর্তমানে অনেক পুলিশ কনস্টেবল ৪০ বছর চাকরি করে অবসর নিলেও পদোন্নতি পান না। 

এই সংকট নিরসনে বিশেষ নীতিমালা ও চাকরির রেকর্ড বিবেচনা করে অবসরকালীন সময়ে কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারীদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনায় আছে বলে জানান মন্ত্রী। তিনি উল্লেখ করেন, পুলিশের ইন্সপেক্টর থেকে কনস্টেবল পদ পর্যন্ত সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে এই ভাতা প্রদানের কথা ভাবা হচ্ছে, যা সদস্যদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে।

পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, দীর্ঘ কর্মঘণ্টা ও মানসিক চাপের কথা মাথায় রেখে কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। প্রয়োজনে আরও উন্নত হাসপাতাল নির্মাণের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। এছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটের আবাসন সমস্যা সমাধানে ভূমি অধিগ্রহণ ও প্রয়োজনীয় অর্থের সংস্থান করা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত দুই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধে যুগোপযোগী আইন প্রণয়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইন সংশোধনের কাজও চলছে। পরিশেষে তিনি পুলিশ বাহিনীকে জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন।