রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মা সন্তানের প্রথম আশ্রয় ও পথপ্রদর্শক: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ১০, ২০২৬, ০৭:১৮ পিএম

মা সন্তানের প্রথম আশ্রয় ও পথপ্রদর্শক: সমাজকল্যাণমন্ত্রী

গরবিনী মা সম্মাননা প্রদান অনুষ্ঠান।

মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও নীরব সেবার প্রতিদান কোনো কৃতজ্ঞতা দিয়েই পূরণ করা সম্ভব নয়। আমাদের প্রধান কর্তব্য হলো সারা জীবন শ্রদ্ধা আর মমতায় তাকে আগলে রাখা।

রোববার (১০ মে) ঢাকায় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত বিশ্ব মা দিবসে ‘গরবিনী মা ২০২৬’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই সমাজকল্যাণমন্ত্রীর মা বেগম জেবুন্নেছা এবং গরবিনী মা ফাল্গুনী কুন্ডুর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিত্বদের পেছনে মায়েদের অক্লান্ত ত্যাগ ও প্রেরণা কাজ করে। তাদের স্বীকৃতি দেওয়ার এই প্রয়াস মাতৃত্বের মহিমাকেই উদযাপন করে। 

আইনশৃঙ্খলা, প্রশাসন, বিচার, চিকিৎসা, সাংবাদিকতা, অভিনয় ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতী সন্তানদের মায়েদের সম্মানিত করার মাধ্যমে সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি তৈরি হয়। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকল মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ১৩তম এই আয়োজনে এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১১ জন সুপ্রতিষ্ঠিত নাগরিকের মা-কে সম্মাননা প্রদান করা হয়েছে। 

প্রশাসন ক্যাটাগরিতে রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলামের মা বেগম ফরহাত ইসলাম এবং আইনশৃঙ্খলা ক্যাটাগরিতে ডিবি প্রধান মো. শফিকুল ইসলামের মা মোসাঃ রাজিফা আজাদ এই সম্মাননা পেয়েছেন।

বিনোদন অঙ্গন থেকে অভিনয় ক্যাটাগরিতে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিন এবং অভিনেতা ও পরিচালক জিয়াউল হক পলাশের মা ফাতেমা আক্তার কাজলকে সম্মানিত করা হয়। সংগীত ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী সোমনূর মনির কোনালের মা সায়মা মনির মিনু এবং সাংবাদিকতায় বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ.কে.এম. মনজুরুল ইসলামের মা রাজিয়া আহমেদ এই পদক পেয়েছেন।

এছাড়া শিক্ষা ক্যাটাগরিতে ঢাবির অধ্যাপক ড. তানিয়া হকের মা সেলিমা হক, চিকিৎসা ক্যাটাগরিতে অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদের মা সরস্বতী প্রসাদ, বিচার ক্যাটাগরিতে বিচারক মোহা. রকিবুল ইসলামের মা বেগম রোকেয়া রশীদ, প্রকৌশল ক্যাটাগরিতে স্থপতি অমিতি কুন্ডুর মা ফাল্গুনী কুন্ডু এবং অদম্য মেধাবী ক্যাটাগরিতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক খাইরুম ইসলামের মা শিরিন আক্তারকে এই সম্মাননা দেওয়া হয়।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক ও এই আয়োজনের প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। অনুষ্ঠানে গরবিনী মায়েদের সম্মাননা ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেলথ চেক-আপ প্যাকেজ এবং উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবাদ পাঠিকা বিপাশা মজুমদার।