মে ১৩, ২০২৬, ১২:১৫ এএম
সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সকল অংশীজনকে অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও একটি প্রতিবন্ধীবান্ধব সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামীকাল ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশসহ বিশ্বের সকল অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু, ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা ও শুভ কামনা জানান। একই সাথে অটিজম নিয়ে কাজ করা পরিচর্যাকারী, পেশাজীবী ও প্রতিষ্ঠানকেও তিনি শুভেচ্ছা জানান।
অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা আমাদের পরিবার ও সমাজের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে এই অনগ্রসর জনগোষ্ঠীকে রাষ্ট্রের মূলধারায় সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিরা অনেক ক্ষেত্রে বিশেষ প্রতিভার অধিকারী ও অসাধারণ সম্ভাবনাময় হয়ে থাকেন। সংগীত, চিত্রাঙ্কন বা তথ্যপ্রযুক্তির মতো ক্ষেত্রে তাদের দক্ষতা বিস্ময়কর। যথাযথ পরিচর্যা, সহানুভূতিশীল আচরণ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে তাদের সুস্থ, সুন্দর ও কর্মক্ষম জীবনে ফিরিয়ে আনা সম্ভব।
মো. সাহাবুদ্দিন বলেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ। শৈশবকালেই অটিজম সঠিকভাবে শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা ও থেরাপির মাধ্যমে শিশুদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অটিজম বৈশিষ্ট্যসম্পন্নরা যেন স্নেহ-ভালোবাসা ও মানবিক পরিবেশে গড়ে ওঠে পরিবার ও রাষ্ট্রের সম্পদ হয়ে উঠতে পারে—বিশ্ব অটিজম সচেতনতা দিবসে রাষ্ট্রপতি সেই কামনাই করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন