মে ১৩, ২০২৬, ১০:৩৮ এএম
হামের দুর্যোগ কাটিয়ে ওঠার পর তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৩ মে) সকালে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশনের কাছ থেকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে হামের পরিস্থিতি মোকাবিলা করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই দুর্যোগ কাটিয়ে ওঠার পরপরই একটি উচ্চপর্যায়ের তদন্ত করা হবে। তদন্তে যাদের গাফিলতি পাওয়া যাবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে চীনের সিনোভ্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে গ্রহণ করে বাংলাদেশ। দেশের এই দুঃসময়ে পাশে থাকার জন্য এবং প্রয়োজনীয় টিকা সহায়তা প্রদান করার জন্য সিনোভ্যাক ফাউন্ডেশন ও চীন সরকারকে বিশেষ ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী।
পোলিও টিকাদান কার্যক্রমের পাশাপাশি দেশের শিশু স্বাস্থ্য সুরক্ষায় নতুন কর্মসূচির তথ্যও দেন মন্ত্রী। তিনি জানান, আগামী জুন মাস থেকে দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু করা হবে। এর মাধ্যমে সারাদেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, হামের প্রকোপ নিয়ন্ত্রণে বর্তমানে মাঠ পর্যায়ে টিকাদান এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। চীন থেকে পাওয়া নতুন পোলিও টিকাগুলো জাতীয় টিকাদান কর্মসূচিতে দ্রুত অন্তর্ভুক্ত করা হবে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিয়মিত পর্যবেক্ষণ কার্যক্রম চলবে বলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন