মে ২০, ২০২৬, ০৬:০৯ পিএম
সরকার শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে বলে অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে গাজীপুরে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এই ঘোষণা দেন। এর আগে সেখানে তিনি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শুষ্ক মৌসুমে কৃষিজমিতে পানির স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতেই মূলত এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।অনেকেই সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা বলতে পারেন। কিন্তু তিস্তা ব্যারাজ প্রকল্প হাতে নেওয়ার বিষয়ে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি সাফ জানিয়ে দেন।
ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারকে প্রধানমন্ত্রী চরম বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছেন। মাটির নিচের পানি শূন্য হওয়ার সঙ্গে ভূমিকম্পের মতো বড় দুর্যোগও সরাসরি জড়িত।এই বহুমুখী সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে।
প্রধানমন্ত্রী এই কর্মসূচিকে কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনার অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেন। নতুন ইনস্টিটিউটে অনেকেই দুর্যোগ মোকাবিলার প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে পারবেন। বাসস্থানের জন্য কৃষিজমি নষ্ট হওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে দেশের সীমিত সম্পদ রক্ষা করে প্রকৃতিকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন