শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

দ্রোহের কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী আজ

জাতীয় ডেস্ক

মে ২৫, ২০২৬, ১০:৩১ এএম

দ্রোহের কবি কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী আজ

কাজী নজরুল ইসলাম

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। ১৩০৬ বঙ্গাব্দের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই অবিসংবাদিত দ্রোহের কবি। ‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’ প্রতিপাদ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে নজরুলকে পরাধীন জাতির ভাগ্যাকাশে আলোকবর্তিকা হিসেবে অভিহিত করেছেন। 

অসাম্য, শোষণ ও কুসংস্কারের বিরুদ্ধে কবির সংগ্রামের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে নজরুলের সাহিত্য সবসময় আমাদের মূল পাথেয় হয়ে থাকবে।কবির চেতনা ও সাহিত্যকর্ম আমাদের জাতীয় সত্তার অবিচ্ছেদ্য অংশ।

ঢাকাসহ কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশাল ও কুমিল্লার দৌলতপুরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। 

এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে নজরুলের সাহিত্য ও সংগীতের ওপর বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করা হচ্ছে।কবির ১২৭তম জন্মবার্ষিকীতে তাঁর রেখে যাওয়া আদর্শ ও দর্শন নতুন প্রজন্মের কাছে আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।