জুন ৬, ২০২৬, ১০:২৮ এএম
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ৭৮টি ফিরতি ফ্লাইটে মোট ৩২ হাজার ৮৩২ জন হাজি বাংলাদেশে ফিরেছেন। হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার দিবাগত রাত ৩টা পর্যন্ত এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি সহায়তা কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে।দেশে ফেরা ৩২ হাজার ৮৩২ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ৫০৪ জন রয়েছেন।
এসব হাজিকে দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮টি, সৌদি এয়ারলাইন্স ৩১টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে। সৌদি আরবে মৃত্যুবরণ করা বাংলাদেশি হাজিদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। এদের মধ্যে মক্কায় ৩৫, মদিনায় ১২ ও জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে।
বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৬০ জন হাজি।বর্তমানে ২৩ জন হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন এবার হজ পালন করেছেন। সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে গিয়েছিলেন। সৌদি আরবগামী শেষ ফ্লাইট ছিল ২১ মে এবং ফিরতি ফ্লাইট কার্যক্রম ৩০ জুন পর্যন্ত চলবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন