জুন ৬, ২০২৬, ০৫:৪২ পিএম
দেশে শিশু নির্যাতন মোকাবিলায় জাতীয় পর্যায়ে একটি সমন্বিত শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে রামিসা ধর্ষণ-হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের বিচার দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
শনিবার শাহবাগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল এই বৈঠকের আয়োজন করে।বৈঠকে ডেপুটি স্পিকার শিশু নির্যাতনকে একটি গুরুতর সামাজিক ব্যাধি হিসেবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, এটি কেবল আইন প্রয়োগের মাধ্যমে নির্মূল করা সম্ভব নয়। এজন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমসহ রাষ্ট্রের সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শিশুর বিকাশ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।রামিসা হত্যার বিচার প্রসঙ্গে কায়সার কামাল বলেন, দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ আদালতের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, কথার চেয়ে কাজে বিশ্বাসী হতে হবে। বর্তমানে শিশুদের প্রতি শারীরিক, মানসিক এবং অনলাইনভিত্তিক নির্যাতনের ঝুঁকি উদ্বেগজনক হারে বাড়ছে বলে তিনি মনে করেন।
অভিভাবক ও শিক্ষকদের সচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা এবং শিশুদের অধিকার সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি। নিপীড়িতদের আইনি ও মানসিক সহায়তা দেওয়া প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন