জুন ৮, ২০২৬, ০২:৫৪ পিএম
২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় এক অনুষ্ঠানে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সৌদি আরবের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ মন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে।
আগামী ৮ নভেম্বর স্বাক্ষরিত হবে দ্বিপাক্ষিক হজ চুক্তি। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে শুরু হবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৫ মে হজের দিন নির্ধারণ করা হয়েছে।
হজযাত্রীদের সামগ্রিক সেবা প্যাকেজ গ্রহণের চুক্তি স্বাক্ষর শুরু হবে ২০২৬ সালের ২৯ জুলাই এবং শেষ হবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি। একই বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সৌদি প্রান্তের খরচের অর্থ নুসুক মাসার প্লাটফর্মের ই-ওয়ালেটে স্থানান্তর করতে হবে। এছাড়া হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ১৪ আগস্ট থেকে ২৮ জানুয়ারির মধ্যে। মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী হজের সকল কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন