জুন ৮, ২০২৬, ০৫:০৮ পিএম
বিদেশগামী তরুণদের জন্য বর্তমানে প্রদত্ত ব্যাংক ঋণের পরিমাণ বাড়ানোর বিষয়ে কাজ করছে সরকার। সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর এ তথ্য জানিয়েছেন।
বর্তমানে বিদেশগামী যুবকদের ৮ শতাংশ সুদে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে সরকার। এই ঋণের পরিমাণ বাড়িয়ে ৫ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকরা যাতে কোনো ধরনের হয়রানি বা প্রতারণার শিকার না হয়, তা বন্ধে মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে।
মরদেহ ফেরত আনার বিষয়ে তিনি বলেন, বিএমইটির কার্ডধারী কর্মী বা কার্ডবিহীন কর্মী—নির্বিশেষে মানবিক কারণে সরকারি খরচে সকল প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এছাড়া বিদেশে অবস্থানরত বিশেষ করে মধ্যপ্রাচ্যে কোনো নারী শ্রমিক নির্যাতনের শিকার হলে মন্ত্রণালয়ের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। সরকার এসব বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে।
দালাল বা বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। রুশ-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, তারা সরাসরি রাশিয়া যাচ্ছে না, তৃতীয় দেশ ব্যবহার করে সেখানে প্রবেশ করছে। এক্ষেত্রে সরকারের সীমাবদ্ধতা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন