জুন ৯, ২০২৬, ০৩:৩০ পিএম
সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরা তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার মূল কারিগর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীদের জন্য আয়োজিত এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, সংসদীয় ব্যবস্থাকে অধিকতর প্রাণবন্ত ও কার্যকর করতে ব্যক্তিগত সহকারীদের দক্ষতা, সচেতনতা এবং বিধি-বিধান সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। তিনি ব্যক্তিগত সহকারীদের তাদের দায়িত্বের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে বলেন, একজন সংসদ সদস্যের সফলতার পেছনে তার সহকারীর ভূমিকা অপরিসীম।
তিনি পরামর্শ দেন, সংসদ সদস্যদের সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে সহকারীদের সততা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বাজেটকে কেবল সংখ্যাতাত্ত্বিক হিসাব নয়, বরং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বর্ণনা করে চিফ হুইপ বলেন, “ট্যাক্সের টাকা সুষম বণ্টনের মাধ্যমে কিভাবে জনগণের উন্নয়ন নিশ্চিত করা যায়, সে বিষয়ে সহকারীদের গভীর অধ্যয়ন ও বিশ্লেষণ প্রয়োজন।
বাজেট বিশ্লেষণের সব তথ্য বুঝে এমপিদের অবহিত করা এবং সঠিক পরামর্শ দেওয়ার সক্ষমতা অর্জন করুন।”জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের ন্যাশনাল কনসালটেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সহকারীদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম সংসদীয় গণতন্ত্রকে আরও গতিশীল ও স্বচ্ছ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন