জুন ৯, ২০২৬, ০৩:৪২ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’-র বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়ার মতো বিধান বর্তমানে দেশের বিদ্যমান আইনে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৮ জুন) জাতীয় সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এই সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
সংসদ সদস্য বেগম হেলেন জেরিন খানের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ফেসবুক বা মেটার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার কোনো আইনি কাঠামো আমাদের নেই।
বর্তমানে সরকার কেবল অনুরোধের মাধ্যমে কনটেন্ট অপসারণ বা ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিতে পারে, যা অনেক ক্ষেত্রে দীর্ঘসূত্রতার সৃষ্টি করে।” তিনি আরও জানান, বর্তমানে কোনো অপপ্রচারমূলক কনটেন্ট সরানোর অনুরোধ করলে অনেক সময় ছয় মাস পর্যন্ত সময় লেগে যায়, যা সাইবার অপরাধ নিয়ন্ত্রণে বড় অন্তরায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে বর্তমানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রধানমন্ত্রীর পরিবার এবং ধর্মীয় সম্প্রীতি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার বিদ্যমান সাইবার আইন সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে। সংশোধিত আইনে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে সরাসরি আইনি জবাবদিহিতার আওতায় আনার প্রস্তাব রাখা হয়েছে।
নতুন আইনের মাধ্যমে এই সীমাবদ্ধতা দূর করা হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। এর ফলে বিভ্রান্তিকর তথ্য দ্রুত অপসারণ এবং অপরাধীদের যথাযথ শাস্তির আওতায় আনা সম্ভব হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নজরদারি জোরদার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার আইনি সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন