জুন ১৫, ২০২৬, ০৭:৩৭ পিএম
ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট ও প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে নতুন এবং কঠোর নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। সোমবার প্রকাশিত এই নতুন নিয়মে ওয়েবফাইল আপলোড এবং মেডিকেল ভিসার ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে। ভিসা প্রত্যাশীদের আবেদনের সময় এখন থেকে এই নতুন নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলতে হবে।
ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট ও ফাইলের সত্যতা নিয়ে নতুন এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে।
সফলভাবে ওয়েবফাইল আপলোড হওয়ার পর বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সুযোগ থাকবে। আবেদনের ক্ষেত্রে অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ ফাইল হতে হবে এবং তা কোনোভাবেই ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। ফাইল সম্পাদনা বা বিকৃত করলে তা সরাসরি প্রত্যাখ্যান করা হবে।
মেডিকেল ভিসার ক্ষেত্রে রোগীদের অবশ্যই ভিসা ইস্যু করা নির্দিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে হবে। হাসপাতাল পরিবর্তন করতে হলে আগে থেকে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের অনুমতি নিতে হবে। কর্তৃপক্ষের এই অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে তা ভিসা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে, যা পরবর্তীতে ভারতে ভ্রমণে নিষেধাজ্ঞা ডেকে আনতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন