জুন ১৭, ২০২৬, ০৯:৩০ এএম
ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান এই পর্ষদের নেতৃত্ব দেবেন। ১৯৫৯ সালে এই কমিটির কার্যক্রম শুরু হওয়ার পর থেকে বাংলাদেশ এই প্রথম এর নেতৃত্ব কাঠামোর শীর্ষ পদে আসীন হলো।
চার সদস্যবিশিষ্ট এই ব্যুরো বৈশ্বিক শরণার্থী সংকট মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নীতিগত ঐকমত্য গঠনে কাজ করে।এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সর্বসম্মত সমর্থন পেয়ে বাংলাদেশ এই পদের জন্য মনোনীত হয়। পরে আলজেরিয়া ও অস্ট্রিয়া আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নকে সমর্থন জানায়, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি ব্যাপক সমর্থনের পরিচয় দেয়।
শেষ পর্যন্ত নির্বাহী কমিটির ১১০টি সদস্য রাষ্ট্রই এই মনোনয়নে চূড়ান্ত অনুমোদন দেয়। বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যখন আশঙ্কাজনকভাবে বাড়ছে, ঠিক তখন এই শীর্ষ পদে বাংলাদেশের নির্বাচিত হওয়া বহুপাক্ষিক কূটনৈতিক ব্যবস্থায় দেশের ক্রমবর্ধমান প্রভাবেরই স্বীকৃতি।পেশাদার কূটনীতিক রাষ্ট্রদূত নাহিদা সোবহান এর আগে রোম, জেনেভা ও কলকাতায় বাংলাদেশের বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও কাজ করেছেন।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের মানবিক সহায়তা ও জাতীয় নীতি তদারকির জন্য গঠিত বিশেষ টাস্কফোর্সের সদস্য-সচিব হিসেবেও তাঁর কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
বর্তমানে মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই বিপুলসংখ্যক শরণার্থীকে মানবিক সহায়তা প্রদান এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পক্ষে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিকভাবে সোচ্চার ভূমিকা রাখছে। বিশ্বব্যাপী তহবিল সংকট ও মানবিক চাহিদার তীব্র চাপের মুখে এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘদিন ধরে শরণার্থী ব্যবস্থাপনায় তার বাস্তব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বৈশ্বিক ফোরামে তুলে ধরার সুযোগ পাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন