জুন ১৭, ২০২৬, ১০:২৭ এএম
মৌলভীবাজারের বিভিন্ন রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে রওনা হন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রীর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
সেখান থেকে সড়কপথে তিনি সরাসরি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে যাত্রা করবেন। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
সরকারি কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী বিকেলে একটি স্থানীয় রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন। দুসাই রিসোর্টে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সমস্ত অনুষ্ঠান সূচি সম্পন্ন করে আজ রাত সাড়ে ৮টায় তাঁর পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন