জুন ১৭, ২০২৬, ০২:১৯ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দুপুরে অনুষ্ঠিত এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি প্রান্তিক জনগণের কল্যাণে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত সুবিধাভোগী, স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে তিনি ভবিষ্যৎ জনকল্যাণমূলক শাসন ব্যবস্থার নানামুখী দিকনির্দেশনা তুলে ধরেন। এলাকাটিতে সকাল থেকেই বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকা সত্ত্বেও অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।জনসভা ও বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে শ্রীমঙ্গল পৌর শহর ও এর আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম হয়।
বিশেষ করে স্থানীয় চা শ্রমিক, বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং সাধারণ শ্রমজীবী মানুষ এই কার্ড নিতে এবং প্রধান অতিথির বক্তব্য শুনতে সকাল থেকেই মাঠে এসে উপস্থিত হন। এই সময় মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সহ- সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যরাও এই রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন। জনকল্যাণমূলক এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সহজলভ্যতা নিশ্চিত হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন