জুন ২৫, ২০২৬, ১০:২৮ পিএম
দেশের প্রতিটি সরকারি ও নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে দুপুরের খাবার বা মিড-ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, কোমলমতি শিশুদের এই পুষ্টি কার্যক্রমে যদি কোনো ধরনের পচা খাবার সরবরাহ বা অনিয়ম করা হয়, তবে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আঞ্চলিক কর্মকর্তাদের সাথে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।মন্ত্রী জানান, অতীতে যাদের বিরুদ্ধে মিড-ডে মিল সরবরাহে অনিয়ম ও নিম্নমানের পচা খাবার দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই কার্যক্রমে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এর আগে বরিশালের এক সভায় শিক্ষামন্ত্রী প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ঘোষণা দিয়ে বলেছিলেন যে এমন ব্যবস্থা নেওয়া হবে যা দেশের মানুষ সারা জীবন মনে রাখবে। আসন্ন পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা রোধ করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বা ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা থাকবে।
পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা সার্বক্ষণিক বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন এবং একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পুরো পরিস্থিতি সরাসরি মনিটর করা হবে। পরবর্তীতে কোনো অনিয়মের অভিযোগ আসলে তা নিখুঁতভাবে যাচাইয়ের জন্য ভিডিও ফুটেজগুলো দীর্ঘ সময় সংরক্ষণের ব্যবস্থা রাখা হবে। নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জে দক্ষ করে গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য এবং এই লক্ষ্য অর্জনে শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে গতানুগতিক শিক্ষার বাইরে এসে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন