রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আগামীকাল পবিত্র আশুরা, দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা

জাতীয় ডেস্ক

জুন ২৫, ২০২৬, ১১:৫৬ পিএম

আগামীকাল পবিত্র আশুরা, দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা

আগামীকাল শুক্রবার দেশে পবিত্র আশুরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশে পালিত হবে। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের ১০ তারিখের এই দিনটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একই সঙ্গে গভীর শোকের দিন। ইসলামের ইতিহাসে এ দিনটি নানা অলৌকিক ও ঐতিহাসিক ঘটনার স্মারক হলেও হিজরি ৬১ সনের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরের মর্মন্তুদ ঘটনা একে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

পবিত্র আশুরা উপলক্ষে আগামীকাল শুক্রবার সারা দেশে সাধারণ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী প্রদান করেছেন। তাঁরা তাঁদের বাণীতে পবিত্র আশুরার মহান শিক্ষা ধারণ করে একটি শান্তিপূর্ণ, মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলের প্রতি আহ্বান জানান। 

দিনটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি গণমাধ্যমগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে এবং দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বিশেষ করে শিয়া সম্প্রদায় দিনটি পালনে রাজধানীর বিভিন্ন এলাকায় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল ও বিশেষ শোক কর্মসূচির প্রস্তুতি সম্পন্ন করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, তাজিয়া মিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে রাজধানীজুড়ে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা ১২ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখা, কোনো প্রকার ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ, তলোয়ার, বর্শা বা ব্যাগ নিয়ে অংশগ্রহণ না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

এছাড়া শুক্রবার সকাল ১০টা থেকে নির্ধারিত রুটগুলোতে ট্রাফিক ডাইভারশন চালু থাকবে এবং যানজট এড়াতে সাধারণ জনগণকে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। এর আগে আজ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের উপস্থিতিতে বায়তুল মোকাররমের দক্ষিণ বারান্দায় আশুরার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অন্যায় ও জুলুমের বিরুদ্ধে নৈতিক প্রতিরোধের এই শিক্ষা যুগ যুগে মানুষকে অনুপ্রাণিত করে আসছে।